আবদুল্লাহ আল হৃদয়ঃ- “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন শুরু হওয়া এই মেলা ৩০ জুন শেষ হয়।
মেলার সমাপনী দিন, ৩০ জুন বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। আলোচনা শেষে অতিথিরা মেলায় সাজানো বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন।
এ বছর মেলায় প্রায় ৮০ থেকে ৯০ জাতের দেশি-বিদেশি ফলের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। প্রদর্শনীতে আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, জাম, জামরুল, লটকন, মাল্টা, ড্রাগন, রামবুটান ও কাঠলিচুর মতো প্রচলিত ফলের পাশাপাশি তেরফল, ডেওয়া, টেংফল এবং বারোমাসি কাঁঠালের মতো অনেক অপ্রচলিত ফলও ছিল।
মেলায় স্থাপিত তথ্যকেন্দ্র থেকে ফলের গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করা হয়, যা ফলচাষি ও সাধারণ মানুষের মধ্যে দেশি ফল বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
এ সময় কৃষিবিদ জিয়াউল ইসলাম বলেন, “এই ফল মেলা স্থানীয় কৃষকদের জন্য তাদের উৎপাদিত ফলের প্রদর্শনী ও বিক্রির একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। একই সাথে এটি সাধারণ মানুষের মধ্যে দেশি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।”
সমাপনী অনুষ্ঠানে কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.