
স্টাফ রিপোর্টারঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে একটি বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নান্নু মিয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিজয়নগর থানাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন অন্তর্গত আলাদাউদপুর গ্রামের আবদুল শুক্কুরের পুত্র নান্নু মিয়ার সাথে একই গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে কাউসার মিয়া, মৃত চান মিয়ার ছেলে রমজান মিয়া, কাউসারের ছেলে মুছা মিয়া, হামিদ মিয়া এবং মোবারকের স্ত্রী রিনা আক্তারের বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে গত ২২ জুন ২০২৫ ইং, রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময় বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নান্নু মিয়ার বসতঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নান্নু মিয়া জানান, “তারা কোনো উসকানি ছাড়াই আমার বাড়িতে হামলা চালায়। আমি ঘটনার কারণ জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুর করে। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এই ঘটনার পর নান্নু মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং দ্রুত বিচার ৩১১/২০২৫। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচারের দাবি জানিয়েছে।