স্টাফ রিপোর্টারঃ–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নিজেদের ‘নব্য বিএনপি’ দাবিদার টিপু সুলতান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ইসলামপুর বাজারে স্থানীয় বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও তাঁতীদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
বুধন্তী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল রহমান হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন খাঁন নয়ন, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া ইয়ার মো. খালেদ রাসেল এবং উপজেলা তাঁতীদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম মঞ্জু।
এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি মশিউর রহমান মশু। অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, শান্ত ও স্থিতিশীল বুধন্তী ইউনিয়নকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের একটি অংশ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিছু নামধারী ব্যক্তি, যারা বিগত ১৭ বছর এলাকায় ছিলেন না বলে দাবি করেন বক্তারা। একই সঙ্গে টিপু সুলতানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে; ছবিটি আগের সময়ের বলে জানা গেছে। তিনি আরও বলেন, শনিবার সকালে একটি স্থানে গ্রাম্য সালিশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজনকে দেখা গেলে এ ধরনের সালিশে তাদের না রাখার বিষয়ে সতর্ক করা হয়। বর্তমানে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.