স্টাফ রিপোর্টার:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে পৃথক দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান। আলোচনা সভায় তিনি বলেন, কন্যাশিশুদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কন্যাশিশুরা যাতে নিরাপদ পরিবেশে বেড়ে উঠে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখবে।
এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মাহমুদুর রহমান বলেন, বিজয়নগরের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
দুটি অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা বিএনপি নেতা মহসিন আহমেদ ভূইয়া, জমির হোসেন দস্তগীর ও জাকির হোসেন শাহ আলম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানউল্লাহ, এনসিপি নেতা আমিনুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,বিজয়নগর উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক,লিটন দেব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.