বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জায়গা-সম্পত্তি নিয়ে পুরোনো বিরোধের জেরে এক অসহায় দম্পতিকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত স্ত্রী নুরুন্নাহারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী এখলাছ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আসামিরা এখন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা যায়, গত ৩০ জুন, ২০২৫ (সোমবার) সকাল আনুমানিক ৮টার দিকে দাড়িয়াপুর গ্রামের আফাজ উদ্দিনের দোকানের সামনে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এখলাছ মিয়া ও তার স্ত্রী নুরুন্নাহারের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, একই বাড়ির মৃত আবদুল হাইয়ের ছেলে ফারুক শাহ, উজ্জ্বল শাহ, মৃত রাজ্জাক শার ছেলে আবদুল হক শাহসহ ৪-৫ জন মিলে তাদের ওপর অতর্কিত হামলা করে।
হামলায় নুরুন্নাহার গুরুতর আহত হলে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গত ৩ জুলাই এখলাছ মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (সিআর মামলা নং- ৬৪০/২০২৫)। তদন্তের দায়িত্বে বিজয়নগর থানা।
হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি ফিরে আহত নুরুন্নাহার বলেন, "হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই মামলার আসামিরা আমাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করবে বলে ভয় দেখাচ্ছে। আমাদের কোনো ছেলে সন্তান নেই, শুধু একটি মেয়ে, তাকেও বিয়ে দিয়ে দিয়েছি। বাড়িতে আমরা স্বামী-স্ত্রী দুজন একা থাকি। এই সুযোগেই তারা আমাদেরওপর অন্যায়ভাবে হামলা করেছে। এখন আমরা আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।"
ভুক্তভোগী পরিবারটি জানায়, আসামিদের সঙ্গে তাদের জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অসহায় এই দম্পতি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.