
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিরাপদ ও মানসম্মত কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কর্মশালায় মূল প্রতিপাদ্য ছিল “কৃষক GAP সার্টিফিকেশন”।
অনুষ্ঠানে প্রধান সেশন পরিচালনা করেন ডিএই কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আজিজুর রহমান। তিনি নিরাপদ খাদ্য উৎপাদনে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস’ বা গ্যাপ (GAP) সার্টিফিকেশনের অপরিহার্যতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করে মানসম্মত ফসল ফলাতে পারলে কৃষকরা একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, অন্যদিকে দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।”
ব্রাহ্মণবাড়িয়া ডিএই-র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ফারহানা নাজনীন প্রশিক্ষণার্থীদের গ্যাপ মডিউলের খুঁটিনাটি ও কারিগরি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই ফসলের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব। তিনি স্থানীয় কৃষকদের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় আরও উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন: তিলোত্তমা রায় তমা, কৃষি সম্প্রসারণ অফিসার, মোহাঃ নুরে আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এবং মোঃ জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে বিজয়নগর উপজেলার কৃষি ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে। সঠিক নিয়ম মেনে চাষাবাদের ফলে স্থানীয় কৃষকরা এখন থেকে রপ্তানিযোগ্য ও মানসম্মত কৃষি পণ্য উৎপাদনে আরও বেশি সক্ষম হয়ে উঠবেন।