স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাতুরা গ্রামে রাতের আঁধারে ১২টি কাঁঠাল গাছ ভেঙে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত রোববার (৩ মে) দিবাগত রাতে হাতুরা গ্রামের সাহাব উদ্দিন (বাবলু মিয়া) মালিকানাধীন মসজিদের সামনের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন বাবলু মিয়া দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন মসজিদের সামনের পুকুর পাড়ে কাঁঠাল গাছগুলো পরিচর্যা করে আসছিলেন। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাছগুলো ভেঙে ফেলে রেখে যায়। সোমবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা গাছগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে মালিক বাবলু মিয়াকে খবর দেন।
ক্ষতিগ্রস্ত গাছ মালিক সাহাব উদ্দিন বাবলু মিয়া জানান:
"অনেক যত্ন করে গাছগুলো বড় করেছিলাম। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার ১২টি গাছ ভেঙে ফেলেছে। এতে আমার প্রায় ১২ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
এই ঘটনায় সাহাব উদ্দিন বাবলু মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছেন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, এলাকায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও রাতের আঁধারে এলাকার বিভিন্ন ব্যক্তির 'কেরের কুঞ্জি' (খড়ের স্তূপ) আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুযোগ বুঝে বিভিন্ন মানুষের ফলদ গাছ কেটে ফেলার ঘটনাও ঘটছে নিয়মিত। একের পর এক এমন ন্যাক্কারজনক ঘটনায় হাতুরা গ্রামসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ক্ষতি করার সাহস না পায়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.