আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ সুজন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন, ২০২৫) মধ্যরাতে উপজেলার ০২নং চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক সোয়া দুইটার দিকে (০২.১৫ ঘটিকা) থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার ও এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের চুল্লাবাড়ী এলাকায়, জুয়েলের চা দোকানের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তিনি বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন। আটক সুজন উপজেলার হোসেনপুর গ্রামের (বাছিরের বাড়ী) মৃত চাঁন বাদশা ও মৃত রফিয়া বেগমের ছেলে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে একটি জব্দ তালিকা তৈরি করে আলামত হিসেবে গাঁজাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। (এফআইআর নং-৩৮, জি আর নং-২৩৯, তারিখ- ২৭/০৬/২০২৫)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.