বিজয়নগর প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াস উদ্দিন মুন্সী, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন বক্তারা। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.