স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও লিরিক গ্রুপের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবদুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ সমাজ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে তোমাদের কাজ করতে হবে। বিশেষ করে বিদায়ী শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলী ইমরান, পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তৈয়ব হোসেন, মোঃ তাজুল ইসলাম,বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়।
অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেবজু খাঁনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.