
পবিত্র জুমার নামাজের পর মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ। উদ্দেশ্য একটাই—রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি), সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলা বিএনপির সদস্য, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন। একইসাথে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্বাস্থ্য ও সফলতার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি কেবল দলীয় নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাধারণ মুসল্লিরাও। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা ও থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আয়োজক এইচ এম জহিরুল ইসলাম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপোষহীন নেত্রী।গণতন্ত্রের মাতার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছি।”
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।