স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল।
সংবাদ পেয়ে র্যাবের এক সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে র্যাব সদস্য বলে দাবি করেন। পরে পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মিন মিয়া (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাগপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পুলিশ ও র্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.