স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলার চণ্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ।
কর্মশালায় কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের মাধ্যমে পানিতে অক্সিজেনের ভারসাম্য রক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে পুকুর প্রস্তুত, পানির সঠিক ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মাছ চাষ আরও লাভজনক ও টেকসই হবে। এ জন্য মৎস্যচাষীদের আধুনিক পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
চণ্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইয়াছিন আরাফাত। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ হাবিব বিন মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র অফিসার (সেলস) মোঃ আবু বক্কর সিদ্দিক।
দিনব্যাপী প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী মৎস্যচাষীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.