
স্টাফ রিপোর্ট :-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলার চতুর্থ এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু ধানের শীষ নয়, আমাদের সাথে যারা জোটে আছেন, দেশের মানুষের অধিকার আদায়ে যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, তাদেরকেও ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মনে রাখবেন, জোটের প্রার্থীর বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।”
বক্তব্য শেষে এক আবেগঘন পরিবেশে তারেক রহমান সরাইল-আশুগঞ্জ ও চান্দুরা-বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের হাতে ‘খেজুর গাছ’ এবং বাঞ্ছারামপুর আসনের জোট মনোনীত প্রার্থী জোনায়েদ সাকির হাতে ‘মাথাল’ মার্কা তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কসবা-আখাউড়া আসনের ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমান, বাঞ্ছারামপুর আসনের জোট মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি, নবীনগর আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, সরাইল-আশুগঞ্জ আসনের মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নাসিরনগর আসনের ধানের শীষের প্রার্থী এম এ হান্নান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় জনসভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাটি সরাইলের কুট্টাপাড়া এলাকায় এক জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ ও জোটের প্রার্থীদের বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত জনসভাকে কেন্দ্র করে সরাইলসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।