
স্টাফ রিপোর্ট:-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বিজ্ঞান মেলা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা বৈচিত্র্যময় আয়োজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক, বিএনপি নেতা জমির হোসেন দস্তগীর, অ্যাডভোকেট ইমাম হোসেন এবং বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার,রুবিনা আক্তার,বিএনপির নেতা হেলাল উদ্দিন হেলাল,সাঈদ খোকন,আরাফাত আজিজ,রুবেল,ফেরদৌস,সালাউদ্দিন,মোরশেদ, সিরাজ,
মহিলাদলের সভাপতি মরিয়ম আলমগীর ও শিউলী আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
শোভাযাত্রা শেষে অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় খুদে শিহ্মার্থীদের উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ড দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মনের মাধুরী মিশিয়ে বৈশাখের ছবি আঁকে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার তাঁর বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। পাশাপাশি বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত করার চেষ্টা করা হয়েছে।”
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর এক মিলনমেলায় পরিণত হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।