
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫টি মামলার আসামি, পেশাদার ও কুখ্যাত ডাকাত সদস্য জহির মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। রবিবার (৬ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহির মিয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শিশাপুরা জালালপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, জহির মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা তামিল করার লক্ষ্যে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চেঙ্গার বাজার এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল রবিবার বিকাল ৩টার দিকে সেখানে অভিযান চালায় এবং জহিরকে সফলভাবে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, জহির একজন পেশাদার ডাকাত। তার নামে বিজয়নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা মাদক নির্মূল এবং চোর-ডাকাতের বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। জহির একজন কুখ্যাত ডাকাত এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গত কিছুদিনে আমরা বেশ কিছু ডাকাত এবং চোর ধরতে সক্ষম হয়েছি। বিজয়নগরকে অপরাধমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত জহির মিয়াকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।