
আব্দুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাহিয়া বেগম-(২০) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বুধবার (১০আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পরই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
নিহত মাহিয়া বেগম নিদারাবাদ গ্রামের মহিবুল ইসলাম সুজনের স্ত্রী ও একই ইউনিয়নের বুল্লা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান,নিদারাবাদ গ্রামের মোহন মিয়ার ছেলে ও স্থানীয় দেওয়ান বাজারের কাপড়ের দোকানের মুহিবুল ইসলাম সুজনের সাথে প্রায় দেড় বছর আগে মাহিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো।আাজ বুধবার সকালে তারা শুনতে পান মাহিয়া মারা গেছে। এর পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাজু আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, স্থানীয়রা জানিয়েছেন সকালে ওই গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজন স্থানীয় বাজারের একটি ফার্মেসীতে নিয়ে গেলে ফার্মেসীর মালিক তাকে মৃত ঘোষনা করে। পরে তার লাশ বাড়িতে এনে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, এখনো গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে কেউ থানায় আসেননি