
স্বামীকে তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী একরাম। রাজধানীর তুরাগে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহতের নাম আকলিমা(২২)। তার গ্রামের বাড়ি ভোলার দুলাহাট উপজেলায়।
খবর পেয়ে পুলিশ টঙ্গীর একটি হাসপাতাল থেকে আকলিমার (২২) মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। রোববার (২৫ ডিসেম্বর) সকালে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, প্রায় ৪ বছর আগে আকলিমার সঙ্গে একরামের বিয়ে হয়। বিভিন্ন কারণে তাদের ঝগড়া লেগেই থাকতো। ৪ মাস আগে আকলিমা একারামকে তালাক দেন। আকলিমা আহালিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় তিনি একটি টেইলার্সে কাজ করতেন।
পুলিশ জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে তুরাগের আহালিয়া এলাকায় মোস্তফা কসাইয়ের বাসার সামনে রাস্তায় আকলিমাকে ছুরিকাঘাত আঘাত করে পালিয়ে যান তার স্বামী একরাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন