
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব শামীমা আক্তার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রী এলাকার উন্নয়ন এবং নারী সমাজের অধিকার আদায়ে নিজেকে নিয়োজিত করতে চান। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে শামীমা আক্তার নিজের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলের প্রতি তাঁর আনুগত্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শকে লালন করে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় আছি এবং থাকব। দল যদি আমাকে যোগ্য মনে করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করে, তবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করতে চাই।”
শামীমা আক্তার আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া একটি সম্ভাবনাময় জেলা। বিশেষ করে নারীদের কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ করতে আগ্রহী। আমি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেলে আমি নারী সমাজকে আরও বেশি ক্ষমতায়িত করার সুযোগ পাব এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারব।”
জিয়া পরিষদের এই নেত্রী আরও উল্লেখ করেন যে, দুঃসময়ে দলের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছেন।
সাক্ষাৎকারের শেষে শামীমা আক্তার তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, সুধী সমাজ এবং সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া আমার পথ চলার শক্তি। আমি আপনাদের দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করছি যাতে আমি দেশ ও জাতির সেবায় নিজেকে আরও বৃহত্তর পরিসরে উৎসর্গ করতে পারি।”
উল্লেখ্য, শামীমা আক্তার তাঁর এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং নারী নেত্রী হিসেবে তৃণমূল পর্যায়ে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর এই ইচ্ছা প্রকাশের পর জেলার রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।