
বিজয়নগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার কর্মসূচির আওতায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ হবে এবং সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় কৃষকদের সঠিক তথ্য দিয়ে কৃষক কার্ডের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম ও এ বি এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভার আগে উপজেলা চত্বরে বিজয়নগর উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠান শেষে বিআরডিবির পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সম্মাননা স্মারক প্রদান করেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি জয়নাল আবেদীন কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম।