
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে দোকানের সামনে ময়লা-আবর্জনার স্তুপ করে রাখার অভিযোগে কয়েকজন দোকান মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২,জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে কয়েকজন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ইউএনও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাজার ও সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। বাজার এলাকায় নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।