
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সমাজসেবক ও সৌদি প্রবাসী মোঃ কাওছার মিয়া।
জনগণের চলাচলের দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন। যেসব রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে অটোরিকশাসহ সাধারণ যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, সেসব রাস্তায় ইট-বালু দিয়ে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে মোঃ কাওছার মিয়া জালালপুর মোড় মাজার সংলগ্ন থেকে মুন্সি বাড়ি পর্যন্ত রাস্তা এবং চান্দুরা বাজার থেকে শ্যামলী ঘাটের রাস্তাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করেছেন।
এ বিষয়ে মোঃ কাওছার মিয়া বলেন, “জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের সমস্যা সমাধানে নিজের সামর্থ্য অনুযায়ী সবসময় কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা। কাওছার মিয়ার এমন উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার প্রার্থিতার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।