
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে মৎস্যচাষীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিসারিজ। কর্মশালায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক, লাভজনক ও টেকসই মাছ চাষের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাছ চাষে সফলতা পেতে হলে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও সঠিক খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় পুকুর প্রস্তুতি, পানির সঠিক ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা, সুষম খাদ্য প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটর ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা বিষয়েও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মোঃ আকতার মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইয়াছিন আরাফাত। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ মোঃ হাবিব বিন মাহবুব। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র অফিসার (সেলস) মোঃ আবু বক্কর সিদ্দিক।
দিনব্যাপী প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মৎস্যচাষীরা আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে মাছ উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হতে পারবেন।